বাংলাদেশে বিনিয়োগ ও প্রকৌশলী নিয়োগে আগ্রহী জাপান: জেট্রো প্রেসিডেন্ট

২৩ জুলাই, ২০২৩ ১২:১২  

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে জাপানের অটোমোটিভ প্রতিষ্ঠানগুলো। একই সঙ্গে এ দেশ থেকে প্রকৌশলী নিতে নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে দেশটির আইটি প্রতিষ্ঠানগুলো।

রবিবার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে সাক্ষাত করে এই আগ্রহের কথা জানিয়েছেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)’ এর প্রেসিডেন্ট মি. কাজুশিজি নবোতানি (Kazushige Nobutani)।

বৈঠক সূত্রে জানাগেছে, বৈঠকে জাপান-বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কিভাবে যৌথভাবে কাজ করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়াও বৈঠকে জাপানী বেসরকারি খাত ও বাংলাদেশী আইটি ফার্মগুলোর মধ্যে ব্যবসায়িক সহযোগিতা বাড়ানো এবং স্টার্টআপ এক্সচেইঞ্জ বিষয়ও আলোচনা করা হয়।

আইসিটি প্রতিমন্ত্রী জানান, এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পের মাধ্যমে আইসিটি বিভাগ জাপানের আইটি খাতের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হবে। তিনি বাংলাদেশের হাই-টেক পার্কগুলোতে জাপানি বিনিয়োগ আনতে জেট্রোর সহযোগিতা কামনা করেন।

আইসিটি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিনসহ বৈঠকে জেট্রোর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।